সাংবাদিক পরিবারের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি সাদ্দাম গ্রেফতার
- আপডেট: ০১:১৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ১৮০০৮
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং এলাকায় দৈনিক এদিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন ও তার পরিবারের ওপর হামলায় অভিযুক্ত প্রধান আসামি সন্ত্রাসী সাদ্দাম (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে। গ্রেফতার সাদ্দাম হাউজিং এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইমদাদুল হক বলেন, নাসিক ৪নং ওয়ার্ড অঅটি হাউজিং এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটি হাউজিং ফকিরবাড়ী এলাকায় মাদক কারবারি ও সন্ত্রাসীরা সাংবাদিক জাকির হোসেন ও তার পরিবারের ওপর অর্তকিত হামলা চালায়। এই ঘটনায় সাংবাদিক জাকির হোসেনের ছোট ভাই তাওহিদুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
অভিযুক্ত ও হামলাকারীরা হলো, নাসিক ৪নং ওয়ার্ডের আটি হাউজিং ফকির বাড়ী এলাকায় মৃত আলাউদ্দিনের দুই ছেলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সাদ্দাম (৩৫), সানোয়ার (২২), একই এলাকার মো. নুরুল হক বুদ্দার ছেলে ইউসুফ এবং মৃতঃ আজিজুলের ছেলে আরিফুল (৩০)সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের একটি সন্ত্রাসী বাহিনী এই অর্তকিত হামলা চালায়।














