নারায়ণগঞ্জে বন্দরে ১১ মামলার আসামি ‘চোক্কা’ তিন সহযোগী ডাকাতসহ গ্রেফতার
- আপডেট: ১১:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলার বন্দরে ১১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী, ডাকাত চোক্কা ওরফে খোকনসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি, ছুরি ও তার কাটার প্লাসসহ সাতটি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বন্দরের সোনাচড়া এলাকার আব্দুল লতিফের ছেলে চোক্কা ওরফে খোকন (৩৬), রামনগর এলাকার ফয়েজ আহম্মেদের ছেলে মো. পারভেজ (২৮) এবং একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মো. মঞ্জুর (৫০)। পারভেজের মায়ের নাম পারভিন বেগম ও মঞ্জুরের মায়ের নাম সাফিয়া বেগম। তাঁরা বন্দরের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনে তিন রাস্তার মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে কাঠের বাটযুক্ত একটি রামদা, প্লাস্টিকের বাটযুক্ত একটি ছুরি, একটি লোহার চাপাতি, কালো কস্টেপে মোড়ানো একটি ছুরি, হলুদ রঙের প্লাস্টিকের বাটযুক্ত দুটি ছুরি এবং লাল রঙের প্লাস্টিকের কভারযুক্ত একটি তার কাটার প্লাস উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার এবং এসব কাজে ব্যবহারের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার খোকনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাসহ মোট ১১টি মামলা চলমান রয়েছে। তাঁর নামে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। পারভেজের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্যদিকে মঞ্জুরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলাসহ মোট তিনটি মামলা চলমান রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, বন্দর থানার বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে।













