"সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান"
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর : কৃষক দলের অভিনন্দন
- আপডেট: ১১:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উম্মাদনা ও উৎসবের জোয়ার দেখা গেছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে কাঁচপুর ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে জমকালো অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ১ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব মো: সোহেল রহমানের নেতৃত্বে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই আনন্দঘন ও অভিনন্দন কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘সবার আগে বাংলাদেশ’ লেখা সম্বলিত ব্যানার, প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফেস্টুন ও রঙ-বেরঙের শুভেচ্ছা স্মারক হাতে নিয়ে রাস্তার পাশে অবস্থান নেন। এ সময় তারা দলের চেয়ারম্যান ও সরকার প্রধানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঐতিহাসিক এই ফেনী সফরে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকা অতিক্রম করার সময় নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস দেখা যায়। মহাসড়কে অবস্থান নেওয়া নেতাকর্মীদের দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান হাত নেড়ে তাদের শুভেচ্ছা গ্রহণ করেন ও অভিনন্দন জানান।
কৃষক দল নেতারা জানান, দেশের এই নতুন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে তৃণমূলের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে এক নতুন জাগরণের সৃষ্টি হয়েছে। তার এই ঐতিহাসিক সফর ও নতুন বাংলাদেশের বিনির্মাণে সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল সর্বদা রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে।









