সিদ্ধিরগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাবিব
- আপডেট: ০২:২৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৮০০৭
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার পর সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তার মা বিলকিস আমিনের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার সকাল ৮টায় নিজ বাসায় মারা যান বিলকিস আমিন। মায়ের জানাজায় অংশ নিতে বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাবিবকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
জানাজা ও দাফন শেষে পুলিশি নিরাপত্তায় তাকে পুনরায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান জানান, জানাজা উপলক্ষে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ছিল। জানাজা শেষে তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুসও প্যারোলে মুক্তি ও পুনরায় কারাগারে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।












