সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধে আওয়ামী লীগের ২০-৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- আপডেট: ০৫:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ১৮০১৫
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত ১৩ নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়ালিউল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর রাত ৭টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকার চাষাড়াগামী সড়কে নাশকতার উদ্দেশ্যে একদল লোক জড়ো হয়েছে। পরে রাত ৮টা ৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আবু বকর সিদ্দিক (রা.) মসজিদের সামনে ২০ থেকে ৩০ জনকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়ক অবরোধ করতে দেখে।
এজাহারে পুলিশ উল্লেখ করেন, অভিযুক্তরা সে সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ বলে স্লোগান দেয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে যানবাহন, অফিস ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮ ও ১৪৯ ধারা এবং বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ ও ৬ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এজাহারের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


















