বুলডোজার দিয়ে নারীর বসতঘর গুঁড়িয়ে দেয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে অধ্যাপক মামুন মাহমুদ, দিলেন এক লাখ টাকা
- আপডেট: ০৩:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বুলডোজার দিয়ে এক নারীর সেমিপাকা বসতঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পিয়ার আলী ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি তাৎক্ষণিকভাবে পরিবারটিকে নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৮ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী জহুরা বেগমের পরিবারের অভিযোগ, জমি নিয়ে পিয়ার আলীর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যেই মঙ্গলবার ভোরে পিয়ার আলীসহ ৫০ থেকে ৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বুলডোজারসহ ঘটনাস্থলে আসে। পরে বিরোধপূর্ণ জমিতে থাকা জহুরা বেগমের সেমিপাকা বসতঘরটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।



















