প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিখন, পুষ্টি ও জবাবদিহিতায় গুরুত্ব দিচ্ছে সরকার
- আপডেট: ০৪:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিটি শিশুর প্রকৃত শিখন নিশ্চিত করতে পুষ্টি, শিক্ষক উন্নয়ন, মনিটরিং ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা প্রদানেও সরকার কাজ করছে।
তিনি জানান, বর্তমানে প্রায় ৩১ লাখ শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় রয়েছে। ২০২৭ সালে এ কর্মসূচি সম্প্রসারণ করে প্রায় ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের হেড অব প্রোগ্রাম জেসি উডসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে প্রতিমন্ত্রী বাহুবলের বিষ্ণুপুর ও দারাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে স্কুল ফিডিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন।















