সিদ্ধিরগঞ্জে নিজ বাসা থেকে কোল্ড স্টোরেজ ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট: ১১:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মোঃ মাজেদুল ইসলাম সুমন (৪৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নাসিকের ৫ নম্বর ওয়ার্ডের আজিবপুর দক্ষিণ সরদারপাড়া এলাকায় তাঁর নিজস্ব চারতলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি পেশায় একটি কোল্ড স্টোরেজের ম্যানেজার ছিলেন।
নিহত মাজেদুল ইসলাম সুমন ওই এলাকার বাসিন্দা মোঃ মহসিন ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১০টা থেকে শনিবার বিকেল সাড়ে ৫টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। পরিবারের সদস্যরা তাঁকে মোবাইল ফোনে না পেয়ে বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে যান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ ঝুলতে দেখেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।
এদিকে নিহতের ভাই মোঃ সুজন ভূঁইয়া পুলিশকে জানান, ঘটনার দুই দিন আগে সুমনের স্ত্রী সাহেদা সুলতানা তাঁর সঙ্গে ঝগড়া করে ব্রাহ্মণবাড়িয়ায় বাবার বাড়িতে চলে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।













