শারদীয় দুর্গাপূজা উপলক্ষে-সিদ্ধিরগঞ্জে ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ
- আপডেট: ০৩:৪২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১৮০০১
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থা। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সিদ্ধিরগঞ্জের শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের উপদেষ্টা লিটন চন্দ্র পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাতের পরিচালক অরুন দেবনাথ, মহানগরের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, সহ সাধারণ সম্পাদক তপন চন্দ্র ধর, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, সদর থানার সহ সভাপতি গোবিন্দ চন্দ্র দাস, মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, বন্দর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ,সিদ্ধিরগঞ্জ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ রায়, স্থানীয় নেতা রতন বর্মন, হরিদাস রায়, বরুন বর্মন, খোকন বর্মন, মন্টু বর্মন, কানাই বর্মনসহ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা যুব ঐক্য পরিষদের সভাপতি গোপাল বর্মন।
প্রধান অতিথির বক্তব্যে লিটন চন্দ্র পাল বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আনন্দ, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বন্ধন। উৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই উৎসবের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে।
বিশেষ অতিথির বক্তব্যে অরুন দেবনাথ বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের বিকাশ এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ বস্ত্র বিতরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঐক্য পরিষদের নেতাকর্মী ও প্রভাতের সদস্যরা উপস্থিত ছিলেন। বস্ত্র বিতরণের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। মানবতার সেবা, ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার প্রত্যয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়।









