সিদ্ধিরগঞ্জ থানার ৩ মাসের অভিযানে কোটি টাকার মাদকসহ ১৭০ মাদক বিক্রেতা গ্রেফতার
- আপডেট: ০৯:০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০১
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গত ৩ মাসের অভিযানে কোটি টাকার মাদকসহ ১৭০ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এছাড়াও ডাকাতিসহ বিভিন্ন মামলার শতাধিক আসামী গ্রেফতার করেছে। এসময় পুলিশ রিভলবার, পিস্তল পাইপগানসহ গুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার করেছে। গতকাল সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ জানায়, এলাকাবাসীর সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ মাদক দ্রব্য এবং সন্ত্রাসী কাজে ব্যবহার করা হয় দেশিয় অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ থানা সিদ্ধিরগঞ্জ। এখানে আদমজী ইপিজেডসহ কয়েকশ গার্মেন্টস কারখানা ছাড়াও বিভিন্ন কারখানা, প্রতিষ্ঠান, অফিস ও মার্কেট রয়েছে। এলাকার আয়তন অনুযায়ী লোকজনের বসবাস বেশি হওয়ায় কোন কোন এলাকা ঘিঞ্জি ঘিঞ্জি হয়ে পড়েছে। ফলে সিদ্ধিরগঞ্জ থানা এলাকাটি শ্রমিক অধ্যুষিত এলাকায় পরিণত হয়েছে। বর্তমানে এলাকাটি ঘনবসতি হওয়ায় দিন দিন মাদক বিক্রি ও ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে মাদকের ছড়াছড়ি ও মাদক সহজলভ্য হওয়ায় হাত বাড়ালেই মাদক পাওয়া যায়।
শুধুমাত্র পুলিশের সামান্য জনবল দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মাদক নির্মূলে ও নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা আবশ্যক বলে জানায় সংশ্লিষ্টরা। থানা সূত্রে জানা গেছে. গত মে থেকে জুলাই এই তিন মাসে সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া, নিমাইকাসারী, বাঘমারা, আটি ওয়াপদা কলেনী, হাউজিং, সিআইখোলা, মাঝিপাড়া, চিত্তরঞ্জন ও সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে ১১৬ টি মাদক মামলার ১৭০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখযোগ্য মাদক ব্যবসায়ী শরীফ, হাবিব, সাথী, রিতা, আলমগীর, রিপন, বন্যা, রমজান, মোস্তাক, জাকারিয়া, হানিফ, রুবেল পেটকাটা রুবেল ও মুরাদ গ্রেফতার হয়। এসময় তাদের কাছ থেকে ৫৭ হাজার ৫২৩ পিস ইয়াবা, ৬১ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ২ হাজার ৩৩৩ পুড়িয়া হেরোইন, ১৪৪ বোতল স্কাপ ও ফেনসিডিল যাহার বর্তমান বাজার মূল্য ১ কোটি ১২ লক্ষ ৩০ হাজার ৯০০ টাকা।
পুলিশ আরও জানায়, গত ৩ মাসে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি অস্ত্র মামলার ৩ জন আসামী গ্রেফতারসহ ১ টি রিভলবার, ১টি পিস্তল ও ১টি দেশীয় পাইপগানসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও ১টি ডাকাতি মামলা ও ২টি ডাকাতি প্রস্তুতি মামলায় ১২ জন ডাকাত গ্রেফতার হয়।
এসময় পুলিশ তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো রামদা, ছুড়ি, চাপাতি ও জিআই পাইপ ও ৬১৪পিচ কম্বলসহ মাইক্রোবাস এবং কভার্ড ভ্যান উদ্ধার করা হয়। পুলিশের নিয়মিত অভিযানে ১১টি মামলায় ৮৮ জন আসামীর বিরুদ্ধে সংক্ষিপ্ত আদালতে বিচারের নিমিত্তে আদালতে প্রেরণ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানায়, শ্রমিক অধ্যুষিত এলাকায় নিয়মিত টহল বৃদ্ধি পূর্বক অভিযান চলছে। ভবিষ্যতে আমরা আরও বেশি মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং বিভিন্ন মামলার আসামী গ্রেফতার করব। এসময় এলাকাবাসীদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।









