"২ লক্ষ ২২ হাজার টাকার ৭৪ বোতল নতুন মোড়কে মাদকদ্রব্য"
সিদ্ধিরগঞ্জে থেকে নতুন মোড়কের ৭৪ বোতল মাদকসহ গ্রেপ্তার-২
- আপডেট: ০১:৩৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১৮০০২
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিক্রয় নিষিদ্ধ নতুন মোড়কের ৭৪ বোতল মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে ৩০ বোতল FAIRDYL ও ৪৪ বোতল WINCEREX রয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মধ্য সানারপাড় এলাকায় জনৈক আব্দুল আওয়াল ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের দিকনির্দেশনায় জেলাব্যাপী মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির এসআই মিজানুর রহমান, পিপিএম ও এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রূপগঞ্জ থানার বরপা এলাকার মৃত খোদা বক্সের ছেলে ইকবাল খাঁ (৫০), যিনি মধ্য সানারপাড়ে আব্দুল আওয়াল ভূঁইয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকার মৃত আব্দুল আওয়াল ভূঁইয়ার ছেলে খবির ভূঁইয়া (৩৬)।
পুলিশ জানায়, অভিযানে ইকবাল খাঁ ও খবির ভূঁইয়ার কাছ থেকে ৩০ বোতল FAIRDYL এবং ৪৪ বোতল WINCEREX উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।









